প্রজাতন্ত্র দিবসে এবার ইউরোপীয় ইউনিয়নের দুই পদস্থ আধিকারিক প্রধান অতিথি হচ্ছেন

Spread the love

রোজদিন ডেস্ক : প্রজাতন্ত্র দিবসে রাজধানী দিল্লির কুচকাওয়াজে এবার ইউরোপীয় ইউনিয়নের দুই পদস্থ আধিকারিক প্রধান অতিথি হচ্ছেন। ইউরোপীয় কমিশন সভাপতি উরসুলা ভন দের লেয়েন ও ইউরোপীয় কাউন্সিল সভাপতি আন্তোনিও কোস্তা যুগ্মভাবে প্রধান অতিথি হচ্ছেন বলে জানা গেছে।
আগামী ২৫ থেকে ২৭ জানুয়ারি তাঁরা সরকারি সফরে আসছেন। এই প্রথম ভারত এক আন্তর্জাতিক সংগঠনের দুই শীর্ষ পদাধিকারীকে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানালো। আগামী ২৬ জানুয়ারি রাজধানী দিল্লির কর্তব্য পথে এই বর্নময় অনুষ্ঠানে তাঁরা উপস্থিত থাকবেন।
২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ভারত ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা শিল্প সহযোগিতা, ভারত-মধ্যপ্রাচ্য- ইউরোপীয় ইউনিয়ন করিডর ইত্যাদি বিষয়ে সেখানে আলোচনা হওয়ার কথা।
গত বছর উভয় পক্ষে রেকর্ড পরিমাণ বাণিজ্য হয়েছে। দেশে এফডিআই ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথির আমন্ত্রণ ভারতের সর্বোচ্চ কূটনৈতিক সম্মান হিসাবে পরিগণিত হয়। এর আগে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাঁকর প্রমুখ এই আসন অলংকৃত করেছেন। এবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দ্বয়কে এই সম্মান দান এক নতুন মাত্রা এনে দিচ্ছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*