রোজদিন ডেস্ক : ধীরে ধীরে কাটছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ-জট। রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ আটকে ছিল এতদিন। এর মধ্যে আজ বুধবার ৮টি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী উপাচার্যের নাম চূড়ান্ত হল। বাকি রইল আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এই আটটি বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এই আটটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কলকাতার সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয় ( পূর্বতন সংস্কৃত কলেজ)-এর উপাচার্য হলেন অয়ন ভট্টাচার্য। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন সঞ্চারী রায় মুখোপাধ্যায়। হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন নিমাইচন্দ্র সাহা। রানিগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অর্ণব সেন, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে মিতা বন্দ্যোপাধ্যায়, বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে অরুণাশিস গোস্বামী, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের দেবব্রত বসু এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির উপাচার্য হলেন দেবব্রত মিত্র।
বাকি তিনটি বিশ্ববিদ্যালয় অর্থাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও মৌলানা আবুল কালাম আজাদ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন কমিটি আগের প্যানেল থেকে কারও নাম নির্বাচন করতে পারবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে ইন্টারভিউ নিতে হবে। চার সপ্তাহের মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দিতে হবে শীর্ষ আদালতকে।

Be the first to comment