শোকপ্রস্তাব পাঠ করে মুলতুবি হল প্রথমদিনের অধিবেশন, অধিবেশন কক্ষে এলেন না বেশিরভাগ বিজেপি বিধায়ক

Spread the love

রোজদিন ডেস্ক : বিধানসভা চত্বরে উপস্থিত থেকেও অধিবেশন কক্ষে অনুপস্থিত রইলেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়কদের একাংশ। মঙ্গলবার সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশনের প্রথম দিনের এই ঘটনায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এদিন প্রথামাফিক শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে অন্তর্বর্তী বাজেট অধিবেশন শুরু হয়। শুরুতেই অধিবেশন যাতে সুষ্ঠুভাবে চলে তাই নিয়ে সব দলের বিধায়কদের কাছে আবেদন জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। দলমত নির্বিশেষে সদস্যদের উপস্থিত থেকে সব কর্মসূচিতে অংশ নেওয়ার অনুরোধও জানান তিনি।
সরকার পক্ষের প্রায় সব সদস্য সে সময় অধিবেশন কক্ষে উপস্থিত থাকলেও বিরোধী বেঞ্চে হাতে গোনা কয়েকজনকে দেখা যায়। উপস্থিত ছিলেন শঙ্কর ঘোষ ও অশোক লাহিড়ী। অথচ বিজেপির পরিষদীয় দলের বৈঠকে যোগ দিতে অধিকাংশ বিধায়কই বিধানসভা চত্বরে উপস্থিত ছিলেন তখন। ছিলেন বিরোধী দলনেতাও। তবে তাঁরা অধিবেশন কক্ষে আসেননি।
এদিন সদ্য প্রয়াত রাজনীতিক, শিল্প, সংস্কৃতি ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠ করেন অধ্যক্ষ। বরামতিতে বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পাওয়ার, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, চলচ্চিত্র জগতের নক্ষত্র ধর্মেন্দ্র, রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, বর্তমান বিধানসভার সদস্য জুলফিকার ইসলাম-সহ প্রয়াত বিশিষ্টদের স্মরণে শোকজ্ঞাপন করা হয়। এর পর অধ্যক্ষ দিনের মতো অধিবেশন মুলতুবি ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় রাজ্যপালের ভাষণ দিয়ে অধিবেশন শুরু হবে। ওইদিন দ্বিতীয়ার্ধে অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবারের অধিবেশন চলবে আগামী সোমবার পর্যন্ত। শনি ও রবিবার বন্ধ থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*