কৃষ্ণনগরের মেয়ে সুজাতা দে (Sujata Dey)-র হাত ধরে ফের জাতীয় মঞ্চে নদিয়া

Spread the love

নিজস্ব প্রতিবেদক, নদীয়া : 

ঝুলন গোস্বামীর পর ফের জাতীয় স্তরে নদিয়ার ক্রিকেটের মুখ উজ্জ্বল করলেন কৃষ্ণনগরের মেয়ে সুজাতা দে (Sujata Dey)। ভারতীয় মহিলা ‘এ’ দলের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নদিয়ার এই বাঁহাতি বোলিং অলরাউন্ডার। আগামী ১২ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় মহিলা ‘এ’ দল। বিসিসিআই ঘোষিত সেই দলেই সুযোগ পেয়েছেন সুজাতা। তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবার থেকে শুরু করে নদিয়ার ক্রীড়ামহল।

কৃষ্ণনগর রোড স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা সুজাতা দে। ক্রিকেটে তাঁর হাতেখড়ি অবশ্য খুব অল্প বয়সে নয়। ১৭ বছর বয়সে ক্রিকেটের মাঠে পা রাখেন তিনি। কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট স্টেডিয়ামের কোচিং ক্যাম্পে কোচ বেনেডিক্ট গোমস, ঋতব্রত চৌধুরী এবং অভিজিৎ চৌধুরীর তত্ত্বাবধানে শুরু হয় তাঁর ক্রিকেট-যাত্রা।

শুরুটা দেরিতে হলেও ক্রিকেটের প্রতি আগ্রহ, নিয়মিত অনুশীলন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দ্রুত নিজের জায়গা তৈরি করতে থাকেন সুজাতা। জেলা ক্রিকেট থেকে ধীরে ধীরে উঠে আসেন রাজ্যস্তরে। বাংলার জুনিয়র ও সিনিয়র দল, অনূর্ধ্ব-২৩ দল এবং সিএবি পরিচালিত বেঙ্গল প্রিমিয়ার লিগেও খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি।

বাঁহাতি বোলিং অলরাউন্ডার হিসেবে সুজাতার বিশেষত্ব তাঁর বহুমুখী দক্ষতা। বল হাতে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও কার্যকর পারফরম্যান্স করার ক্ষমতা রয়েছে তাঁর। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদেই এবার এসেছে আরও বড় সুযোগ—ভারতীয় মহিলা ‘এ’ দলের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা।

সুজাতার ক্রিকেটে আসার গল্পটিও বেশ আকর্ষণীয়। ছোটবেলায় তাঁর দাদাকে বন্ধুরা খেলতে ডাকতে বাড়িতে আসতেন। কিন্তু দাদা খেলতে যেতে না চাইলে শেষ পর্যন্ত তাঁর পরিবর্তে মাঠে যাওয়া শুরু করেন সুজাতাই। সেই ঘটনাই যেন তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মাঠে যাওয়া থেকে ধীরে ধীরে ক্রিকেটের প্রতি ভালোবাসা তৈরি হয়, আর সেই ভালোবাসাই পরবর্তীতে তাঁকে পেশাদার ক্রিকেটের পথে এগিয়ে নিয়ে যায়।

সুজাতার বাবা সুব্রত দে সরকারি কর্মচারী। মেয়ের এই সাফল্যে স্বাভাবিকভাবেই গর্বিত পরিবার। কৃষ্ণনগরের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহিলা ‘এ’ দলের স্কোয়াডে জায়গা করে নেওয়া সুজাতার এই সাফল্য জেলার অন্যান্য উঠতি ক্রিকেটারদের কাছেও অনুপ্রেরণার।

নদিয়ার মহিলা ক্রিকেটে ঝুলন গোস্বামীর অবদান সর্বজনবিদিত। চাকদহের ‘চাকদহ এক্সপ্রেস’ ভারতীয় মহিলা ক্রিকেটে নিজের নামে তৈরি করেছেন এক উজ্জ্বল অধ্যায়। এবার কৃষ্ণনগরের সুজাতা দে-র হাত ধরে সেই গৌরবের ধারায় যুক্ত হল নতুন একটি নাম। জেলা ক্রিকেট থেকে রাজ্যস্তর পেরিয়ে এবার জাতীয় মঞ্চে পা রাখার সুযোগ এসেছে তাঁর সামনে। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজে নিজের দক্ষতা প্রমাণ করে ভারতীয় মহিলা ক্রিকেটের মূল দলে জায়গা করে নেওয়াই এখন সুজাতার পরবর্তী লক্ষ্য। তাঁর এই যাত্রা নদিয়ার ক্রিকেটপ্রেমীদের জন্য যেমন গর্বের, তেমনই জেলার নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছেও এক বড় অনুপ্রেরণা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*