জাতীয় মহিলা কমিশনের সংস্কারের দাবিতে কেন্দ্রীয় শিক্ষা, মহিলা এবং শিশু কল্যাণ কমিটির চেয়ারম্যানকে চিঠি সুস্মিতা দেবের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- জাতীয় মহিলা কমিশনের সংস্কারের দাবিতে কেন্দ্রীয় শিক্ষা, মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রকের সংসদীয় কমিটির চেয়ারম্যানকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব।

কেন্দ্রীয় শিক্ষা, মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকের সংসদীয় কমিটির চেয়ারম্যান দিগ্বিজয় সিংহকে চিঠি লিখে সুস্মিতা জানিয়েছেন, ১৯৯০ সালের জাতীয় মহিলা কমিশন আইনে এই কমিশন তৈরি করা হয়েছিল। মহিলাদের অধিকার রক্ষার উদ্দেশ্যেই এই প্রতিষ্ঠান। কিন্তু ক্রমে এর পরিকাঠামো, স্বশাসন প্রশ্নের মুখে পড়েছে। প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। সুস্মিতা চিঠিতে অভিযোগ করেছেন যে, গত কয়েক বছর ধরে জাতীয় মহিলা কমিশন ক্রমেই ‘বিশ্বাসযোগ্যতা’ হারাচ্ছে।

চিঠিতে তৃণমূল সাংসদ জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মতো রাজ্য, যেখানে অ-বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে, সেখানে ধর্ষণ হলে কমিশন অতিসক্রিয় হয়ে ওঠে। অথচ, অসমে সাত বছরের শিশুকে নির্যাতনের ঘটনা ঘটলেও কমিশনের সদস্যেরা উপস্থিত হন না।

তাঁর বক্তব্য, জাতীয় মহিলা কমিশনের ‘বিশ্বাসযোগ্যতা’ প্রশ্নের মুখে। অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে তারা অতিসক্রিয়। মহিলাদের স্বার্থেই কমিশনের সংস্কার প্রয়োজন বলে চিঠিতে লিখেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*